
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে আজ বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু এলাকার একটি উচ্চভূমির কাউন্টিতে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তিব্বতের রাজধানী লাসা থেকে এর উৎপত্তিস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে।