মানবিকতার হাত বাড়িয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা অসহায় মোঃ দেলোয়ার হোসেনের পাশে দাঁড়িয়েছে বিএনপিপন্থী অনলাইন সংগঠন ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’। সংগঠনটির পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

মোঃ দেলোয়ার হোসেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রায় ২০ বছর আগে এক দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায়। সে সময় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘ দুই দশক ধরে পায়ের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।

 

দীর্ঘদিনের শারীরিক জটিলতা বাড়তে থাকায় ২০২৬ সালের শুরুর দিকে আহত পায়ে অস্ত্রোপচার করান দেলোয়ার হোসেন। তবে অস্ত্রোপচারের পর ক্ষতস্থানে ধীরে ধীরে সংক্রমণ দেখা দেয়। এ সমস্যার সমাধানে পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং চরম অসহায় অবস্থার মুখোমুখি হন।

 

এমন পরিস্থিতিতে বিভিন্ন মাধ্যমে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর সঙ্গে যোগাযোগ করেন দেলোয়ার হোসেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার অপু এবং সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ প্রসেনজিৎ মালাকারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়।

 

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির আলোচনার পর সংগঠনটির পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। দলের স্লোগান ‘ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে অসুস্থ দেলোয়ার হোসেনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় ভবিষ্যতেও তাঁর যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন টিম ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার অপু।

 

এ বিষয়ে শাহারিয়ার অপু বলেন, “আপনাদের দোয়ায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’ মোঃ দেলোয়ার হোসেনের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ভবিষ্যতেও তাঁর যেকোনো প্রয়োজনে আমাদের সংগঠন পাশে থাকার চেষ্টা করবে।”

 

দেলোয়ার হোসেনের হাতে ওষুধপত্র, উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন টিম ন্যাশনালিস্ট ভয়েসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার অপু, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ প্রসেনজিৎ মালাকার, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক লামিয়া আক্তারসহ খুলনার বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক সংগঠক ও অ্যাক্টিভিস্টরা।

 

সংগঠনটির এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।