হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলকে ঘিরে স্থানীয়ভাবে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। দায়িত্ব নেওয়ার পর তিনি এলাকার মানুষের সমস্যা ও উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
সম্প্রতি মাধবপুরে এক অনুষ্ঠানে এমপি ফয়সল সরকারি সম্পদের সুষম বণ্টন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না বলেও জানান। এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে সামনে বড় ধরনের কাজ করার কথা উল্লেখ করে এসব উন্নয়নকাজের মান নিশ্চিত করতে নিজে মনিটরিং করার কথাও বলেন।
ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রেও তাঁর বিভিন্ন কর্মকাণ্ড আলোচনায় এসেছে। দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরের ১১৯টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ৭১ টন ৪০০ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়া তিনি বিভিন্ন পূজামণ্ডপ ও চা-বাগান পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী ও চা শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয়দের প্রত্যাশা, মাধবপুরের সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর ভূমিকা রাখবেন।
উন্নয়ন ও জনকল্যাণের ধারাবাহিকতা বজায় রেখে মাধবপুরকে আরও এগিয়ে নেওয়াই এখন স্থানীয় মানুষের প্রত্যাশা।