দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মাধবপুরে বাড়ছে আলোচনা

 

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ নভেম্বর সারাদেশের চা বাগানগুলোতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা বাগানগুলোর শ্রমিকদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়ছে।

 

চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশের ২৩১টি চা বাগান পঞ্চায়েতে এ নির্বাচনে প্রায় ৯৮ হাজার শ্রমিক ভোট দেওয়ার কথা রয়েছে। একই দিনে বাগান পঞ্চায়েতের পাশাপাশি ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব ও সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনও অনুষ্ঠিত হবে।

 

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় মূল ও ফাঁড়ি মিলিয়ে মোট ৪১টি চা বাগান রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর এসব বাগানের শ্রমিকদের মধ্যে সম্ভাব্য প্রার্থী ও নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

শ্রমিকদের প্রধান প্রত্যাশার মধ্যে রয়েছে নিয়মিত মজুরি পরিশোধ, মজুরি বৃদ্ধি, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় যোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা করছেন তাঁরা।

 

নির্বাচন উপলক্ষে আগামী ৩০ অক্টোবর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

দীর্ঘ বিরতির পর এই নির্বাচন চা শ্রমিকদের নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন মাধবপুরের চা বাগানগুলোতে শ্রমিকদের পছন্দের নেতৃত্ব কারা হন, সেদিকেই নজর থাকবে।