মাধবপুর প্রতিবেদক:

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমেল বাতাস ও হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

 

সকালে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়তে দেখা যায়। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, চা ও পাথর শ্রমিক, ভ্যানচালক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে এবং রাত ও ভোরে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়ছে।

 

তবে দিনের বেলায় রোদের তীব্রতায় তুলনামূলক গরম অনুভূত হচ্ছে। ফলে রাতে ও ভোরে শীত এবং দিনে গরম—এমন বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে উত্তরের এই জনপদ। আবহাওয়া কর্মকর্তার পূর্বাভাস অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টির প্রভাব কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।